তরুণদের আগামীর বাংলাদেশের মূল শক্তি হিসেবে উল্লেখ করে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, তরুণদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের সম্পদে পরিণত হবে।
আজ বুধবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। এটি যেন শুধু একটি ধারণা বা পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তবে প্রতিষ্ঠিত হয়-এ জন্য সমাজের সব মানুষের অংশগ্রহণ প্রয়োজন।
জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সর্বোচ্চ সুবিধা নিতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে তরুণদের উদ্যোক্তা হওয়ারও আহ্বান জানান।
তিনি বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে। যাদের ব্যবসা শুরু করার মতো আর্থিক সক্ষমতা নেই, তাদের সিড মানি দেওয়া হচ্ছে। পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্ট-আপ ফান্ড রাখা হয়েছে।
অনুষ্ঠানের আলোচকরা বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি তরুণদের মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধিতে উৎসাহ দেওয়া হয়। তরুণদের শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা, সিদ্ধান্ত গ্রহণকারী এবং পরিবর্তনে নেতৃত্বদানকারী হিসেবে নিজেদের ভূমিকা পালনের আহ্বানও জানান আলোচকরা।
অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জ/উ