২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা অনলাইন, শিক্ষাপ্রতিষ্ঠান ও মুঠোফোনের এসএমএসে ফল জানতে পারবেন। ফল পাওয়া যাবে eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইটেও।
এসএমএসে ফল জানতে ‘SSC’ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ঢাকা বোর্ডের জন্য ‘SSC DHA ROLL YEAR’, মাদরাসা বোর্ডের দাখিলের জন্য ‘SSC MAD ROLL YEAR’ এবং কারিগরি বোর্ডের জন্য ‘SSC TEC ROLL YEAR’ লিখতে হবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য, যার মধ্যে সব ধরনের কর অন্তর্ভুক্ত।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন ফরম পূরণ করেন।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে ১১ আগস্ট, চলবে ১৭ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, এ সময় অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে ফল ডাউনলোড ও প্রকাশ করতে পারবে। পরীক্ষার্থীরা কমন ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। এসএমএসে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরেও ফল জানা যাবে।
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে একই সময়ে ফল প্রকাশ করা হয়েছে।
জ/উ