দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টার জন্যও একই ধরনের পরিস্থিতি থাকতে পারে। এরপর একদিন বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়লেও ধীরে ধীরে তা কমে আসবে।
গত ২৪ ঘণ্টায় (সন্ধ্যা ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায়। এছাড়া হাতিয়ায় ১৪০ মিলিমিটার, কক্সবাজারে ১৩৬ মিলিমিটার, সিলেটে ১২৭ মিলিমিটার এবং ঢাকায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
জ/উ