নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) ১৬তম বৈঠক শুরু হচ্ছে বৃহস্পতিবার (৮ অক্টোবর)। দুই দিনব্যাপী বৈঠকটি শুক্রবার পর্যন্ত চলবে। এতে দুই দেশের বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা, পাটপণ্যের ওপর অ্যান্টিডাম্পিং শুল্ক এবং স্থলবন্দরকেন্দ্রিক নানা জটিলতার বিষয় তুলে ধরবে বাংলাদেশ।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিতে মঙ্গলবার ঢাকা ছেড়েছে। প্রতিনিধিদলের এক কর্মকর্তা জানান, আলোচনায় ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত বাংলাদেশের প্রায় সব দাবিই তুলে ধরা হবে। তবে ভারতীয় পক্ষ কী কী বিষয় আলোচনায় আনবে, তা এখনো নিশ্চিত নয়।
ওই কর্মকর্তা আরও জানান, এটি মূলত আলোচনার বৈঠক। ফলে এখানে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না।
বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতির বিষয়টিও গুরুত্ব পেতে পারে। কারণ ভারত থেকে বাংলাদেশ যে পরিমাণ পণ্য আমদানি করে, তার তুলনায় দেশটিতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম। তবে আলোচনায় বহুল আলোচিত কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) চুক্তির বিষয়টি এবার বাংলাদেশের আলোচ্য তালিকায় রাখা হয়নি।
উল্লেখ্য, চীনের পর ভারত বাংলাদেশের অন্যতম বড় আমদানির উৎস। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে ভারত থেকে বাংলাদেশ আমদানি করেছে ১ হাজার ৯৬ কোটি ডলারের পণ্য।
দেশের ব্যবসায়ীরা মূলত ভারত থেকে কারখানার কাঁচামাল, কাপড় ও তুলাসহ বিভিন্ন পণ্য আমদানি করেন।
জ/শা