আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি টেনেছেন লিওনেল মেসি। গত মঙ্গলবার বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখেন এই মহাতারকা। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পর বিশ্বজুড়ে ভালোবাসায় সিক্ত হচ্ছেন মেসি। সেই তালিকায় বিশেষভাবে জায়গা করে নিয়েছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আবেগঘন একটি পোস্ট দেন মেসি। সেখানে তিনি লেখেন, ‘গতকাল ছিল জাতীয় দলে আমার শেষ ম্যাচ এবং নীল-সাদা জার্সিটা গায়ে জড়ানোর অভাব এখনই অনুভব করছি। আমি জানি আমি সঠিক সিদ্ধান্তই নিচ্ছি। এটি ছিল এক অসাধারণ যাত্রা, আনন্দ আর কিছুটা বিষাদে ভরা।’
পোস্টে পরিবার, সতীর্থ এবং প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার অবদানের কথা স্মরণ করেন মেসি। একই সঙ্গে ক্যারিয়ারে যেসব ক্লাবের হয়ে খেলেছেন, সেগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
মাঠের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা ও পারস্পরিক লড়াইয়ের বাইরে গিয়ে মেসির ঐতিহাসিক বিদায়কে সম্মান জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসির ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট বক্সে তিনি লেখেন, ‘লিও, এত বছর ধরে দেশের হয়ে লড়াই করার পর তুমি এমন এক ইতিহাস গড়েছ, যা চিরকাল টিকে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল। অনেক ভালোবাসা।’
দুই দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত দুই তারকা মেসি ও রোনালদো। তাদের দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার পর মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায় এবং সেই মুহূর্তে রোনালদোর এমন সম্মানজনক বার্তা ফুটবলপ্রেমীদের সামনে তৈরি করেছে এক অনন্য দৃষ্টান্ত। সূত্র: ইয়াহু স্পোর্টস
জ/শা