আজ বুধবার সদর উপজেলার মালেঙ্গা এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসত ঘরের ওপর উল্টে পড়ে সুরাইয়া বেগম (২৬) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ নিহত হয়েছেন।
জানা গেছে, ভোর রাত প্রায় ৪টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সুরাইয়া বেগম উপজেলার নিজড়া গ্রামের মিনাপাড়ার বাসিন্দা শামীম খানের স্ত্রী। মালেঙ্গা গ্রামে তারা ভাড়া বাসায় থাকতেন। পরিবারের সদস্যরা জানিয়েছে সুরাইয়া পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
থানা পুলিশ বলেছে, আটাবোঝাই ট্রাকটি (যশোর-মেট্রো-ট-১১-৬১১০) টেকেরহাট থেকে গোপালগঞ্জের দিকে যাওয়ার সময় মালেঙ্গা এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশের একটি বিদ্যুতের পিলার ভেঙে টিনশেড একটি বসত ঘরের ওপর উল্টে পড়ে। এসময় ওই ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা গৃহবধূর সুরাইয়া ট্রাক ও আটার বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহন হন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।