জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-02T08:22:45+06:00
2026-08-02T14:05:21+06:00
সোমবার, ৩ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩ আগস্ট ২০২৬
জাতীয়
প্রযুক্তির সুযোগে কেউ পিছিয়ে থাকবে না: ফকির মাহবুব আনাম
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৮:২২ এএম  আপডেট: ০২.০৮.২০২৬ ২:০৫ পিএম
প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য পুনর্ব্যক্ত করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের কোনো প্রতিভাই যেন প্রতিবন্ধকতার কারণে থেমে না যায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে প্রতিটি নাগরিককে উন্নয়ন ও অগ্রযাত্রার সমান অংশীদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গতকাল শনিবার (১ আগস্ট) রাজধানীর গ্রীন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত ‘যুব প্রতিবন্ধীদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিবন্ধিতা কোনো সীমাবদ্ধতা নয়; প্রয়োজন সঠিক সুযোগ, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা। এসব নিশ্চিত করা গেলে প্রতিবন্ধী তরুণ-তরুণীরাও দেশের ডিজিটাল রূপান্তর ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এ কারণে সরকার তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিগত ক্ষমতায়নকে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে সমাজের কোনো শ্রেণির মানুষ পিছিয়ে থাকবে না। সবার জন্য প্রযুক্তির সমান সুযোগ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

ফকির মাহবুব আনাম বলেন, জাতীয় আইটি প্রতিযোগিতা প্রতিবন্ধী তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আগামী অক্টোবরে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য Global IT Competition for Youth with Disabilities (GITC)-এ বাংলাদেশের প্রতিনিধিরা দেশের জন্য গৌরব বয়ে আনবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এবার ছিল যুব প্রতিবন্ধীদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতার দশম আয়োজন। প্রতিযোগিতার চারটি বিভাগে দৃষ্টি প্রতিবন্ধী ২১ জন, শারীরিক প্রতিবন্ধী ২৫ জন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ১৫ জন এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) বিভাগের ৯ জনসহ মোট ৭০ জন প্রতিযোগী অংশ নেন। চারটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতার চার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী বিভাগে মো. শাকিল মিয়া, শারীরিক প্রতিবন্ধী বিভাগে শেখ ইয়ামিন আহসান, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিভাগে নাহিন সিরাজ এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) বিভাগে আরিয়ান ইসলাম। তারা আগামী অক্টোবরে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য Global IT Competition for Youth with Disabilities (GITC)-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। এ সময় মন্ত্রী নির্বাচিত চার প্রতিযোগীকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করার ঘোষণাও দেন।

অনুষ্ঠানে সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, প্রতিযোগীদের অভিভাবকসহ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]