নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-13T19:38:31+06:00
2026-07-13T19:38:31+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
বিদেশি বিনিয়োগে অনুকূল পরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইসিটি মন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:৩৮ পিএম 
বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশে আরও আস্থাশীল ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ আরও উন্নত করতে কাজ করছে। এ লক্ষ্যে কর কাঠামোকে আরও প্রতিযোগিতামূলক করা, প্রয়োজনীয় প্রণোদনা ও নীতি-সহায়তা প্রদানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সরকারের লক্ষ্য বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত করা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া। একই সঙ্গে ডিজিটাল সংযোগ সম্প্রসারণের পাশাপাশি সাধারণ মানুষের নাগালের মধ্যে স্মার্ট ডিভাইস নিশ্চিত করতেও সরকার কাজ করছে।

ফকির মাহবুব আনাম আরও বলেন, মোবাইল ফোন উৎপাদন ও প্রযুক্তি শিল্পকে সরকার জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে। দেশীয় উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি খাতের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতি-সহায়তা দেওয়া হবে। বাংলাদেশকে স্মার্ট ডিভাইস উৎপাদন ও প্রযুক্তি বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্রে পরিণত করাই সরকারের লক্ষ্য।

বৈঠকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার প্রশংসা করেন এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি ও সহজতর ভিসা ব্যবস্থা চালুর প্রস্তাব দেন। তার মতে, এতে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ সহজ হবে।

এ বিষয়ে আইসিটি মন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে সরকার কাজ করছে। প্রয়োজনীয় নীতিগত সংস্কারের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা আরও সহজ করা হবে।

সাক্ষাৎ শেষে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, কোরিয়ান দূতাবাসের প্রথম সচিব লি নামসু এবং স্যামসাং ইলেকট্রনিক্সের কান্ট্রি ম্যানেজার জাংমিন জং উপস্থিত ছিলেন।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]