আন্তর্জাতিক ফুটবলে নিজের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির জাদুতে বেনিনের বিপক্ষে দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে এখন পর্যন্ত তিন গোল করেছে আলবিসেলেস্তেরা। এর মধ্যে একটি গোল করেছেন মেসি নিজেই, আর বাকি দুই গোলেও সরাসরি অবদান রয়েছে তাঁর। ফলে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে দুর্দান্ত এক বিদায়ী রাত কাটাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসির কর্নার থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকোলাস ওতামেন্দি। ৪৮ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে আসা বলে দারুণ এক ভলিতে জালে পাঠান অভিজ্ঞ এই ডিফেন্ডার। গোলের কিছুক্ষণ পরই তাঁকে মাঠ থেকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। মাঠ ছাড়ার সময় সতীর্থ ও সমর্থকদের কাছ থেকে করতালি পান ওতামেন্দি। মেসির মতো আজ তাঁরও বিদায়ী ম্যাচ।
এরপর আবারও মেসির পাস থেকে গোলের দেখা পায় আর্জেন্টিনা। বাঁ দিক থেকে মেসির বাড়ানো বল পেয়ে বক্সের মধ্যে ঘুরে বাঁকানো শটে বল জালে পাঠান নিকো পাজ। তাঁর নিখুঁত শটে বেনিনের গোলরক্ষকের কিছুই করার ছিল না। এই গোলে বিদায়ী ম্যাচে এখন পর্যন্ত দুটি গোলে সরাসরি অ্যাসিস্ট করলেন মেসি।
ম্যাচের ৬৮তম মিনিটে বেনিনের বক্সে অগাস্টিন জিয়াই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পটকিক নিতে এগিয়ে আসেন মেসি। ৭১তম মিনিটে ডান দিকের ওপরের কোণে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। বেনিনের গোলরক্ষক শটের দিক বুঝতে পারলেও মেসির নেওয়া বলের নাগাল পাননি।
এই গোলের মাধ্যমে আর্জেন্টিনার হয়ে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১২৬-এ। বিদায়ী ম্যাচে এখন পর্যন্ত তাঁর নামের পাশে এক গোল ও দুই অ্যাসিস্ট। আর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনা এগিয়ে আছে ৩-০ গোলে।
জ/শা