নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-24T18:31:00+06:00
2026-06-24T18:31:00+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:৩১ পিএম 
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন। বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও শ্রমবাজারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্পিকার বলেন, গত দুই দশকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নে দুই দেশের সংসদীয় কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) নিয়ে আলোচনা এগিয়ে চলছে, যা ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করবে।

বাংলাদেশে ইলেক্ট্রনিক শিল্প খাতের উন্নয়নে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা কামনা করে স্পিকার বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ইলেক্ট্রনিক পণ্যে শুল্কমুক্ত আমদানির সুযোগ রাখা হয়েছে, যা এ খাতে বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে।


এসময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী কোরিয়ান কোম্পানিগুলোর জন্য সরকারের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান। তিনি বিশেষ করে স্যামসাংসহ বিভিন্ন কোরিয়ান প্রতিষ্ঠানের কার্যক্রমের কথা উল্লেখ করেন।

রাষ্ট্রদূত ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) বাস্তবায়নেও বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে স্পিকার দক্ষিণ কোরিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখায় কোরিয়ান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন ও আন্তঃসংসদীয় সহযোগিতা আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া ভোলার গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন এবং ইউরিয়া সার কারখানা নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা কামনা করেন তিনি।

সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]