বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে ঘিরে ভালোবাসা, স্মৃতি ও কৃতজ্ঞতার অনুভূতি প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্টে তারা তুলে ধরেছেন বাবার ত্যাগ, অনুপ্রেরণা ও জীবনের নানা স্মৃতি।
অভিনেতা তৌসিফ মাহবুব বাবার আত্মত্যাগের গল্প শেয়ার করে জানান, সীমিত আয়ের মধ্যেও তার বাবা তাকে ভালো শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন। তিনি লিখেছেন, “শিক্ষা খরচ নয়, এটা সন্তানের ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ—এটাই ছিল আব্বুর বিশ্বাস।” বাবাকে নিজের প্রথম শিক্ষক ও অনুপ্রেরণা বলেও উল্লেখ করেন তিনি।
অভিনেত্রী সাফা কবীর বাবাকে জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় উল্লেখ করে লেখেন, “আপনি শুধু বাবা নন, আপনি আমার সবচেয়ে বড় সমর্থক এবং বন্ধু।”
অভিনেতা জিয়াউল হক পলাশ সংক্ষিপ্ত এক অনুভূতিতে লেখেন, “আব্বার গায়ের গন্ধটা আমার কাছে খুব আপন।”
অভিনেত্রী শবনম ফারিয়া বাবার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বাবার মৃত্যুতে জীবনে তৈরি হওয়া শূন্যতার কথা উল্লেখ করে তিনি জানান, বাবার ভালোবাসা ও সাহসই তাকে জীবনে এগিয়ে যেতে শক্তি দিয়েছে। একই সঙ্গে তিনি তার শ্বশুরকে নতুন করে ‘আব্বু’ বলে ডাকতে পারার অনুভূতির কথাও শেয়ার করেন।
চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস বাবাকে নিজের জীবনের প্রকৃত নায়ক উল্লেখ করে বলেন, বাবার আশীর্বাদেই তিনি চলচ্চিত্র পরিচালক হতে পেরেছেন।
নির্মাতা আশফাক নিপুণ বাবার পুরোনো একটি ছবি পোস্ট করে লেখেন, “স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করুন, যেন প্রতিদিন একজন ভালো মানুষ হতে পারি।”
গীতিকার ও সংগীতশিল্পী শফিক তুহিন পৃথিবীর সব বাবার সুস্থতা কামনা করে দোয়া চান। অভিনেতা ইরফান সাজ্জাদও বাবার সুস্থতা কামনা করে সকল বাবাকে শ্রদ্ধা জানান।
অভিনেত্রী কেয়া পায়েল বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে সংক্ষিপ্ত ক্যাপশনে শুধু লিখেছেন- “বাবা”।
বিশ্ব বাবা দিবসে তারকাদের এমন আবেগঘন পোস্টে ভক্তরাও ব্যাপক সাড়া দিয়েছেন।
জ/উ