জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে দুই পক্ষের মধ্যে ঘটেছে হাতাহাতির ঘটনা। তবে তাৎক্ষণিকভাবে হাতাহাতিতে জড়িত কারও পরিচয় জানা যায়নি।
গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে সংগঠনটির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল উপলক্ষে আয়োজিত নির্বাচনী কার্যক্রম চলাকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক পক্ষকে অপর পক্ষের সঙ্গে আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যায়।
এ সময় উভয় পক্ষের মধ্যে মীমাংসার চেষ্টা করতে দেখা যায় ছাত্রশক্তির নেতা ও জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে।
হাতাহাতিতে কারা জড়িয়েছে, জানতে চাইলে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম বলেন, ‘এটা ঠিক জানা নেই। কোনো এক ইউনিটের কর্মী হয়তো।’
কাউন্সিলে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি তাহমীদ আল মুদাসসীর চৌধুরী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম এবং সাংগঠনিক সম্পাদক মো. জহির রায়হান রিপন।
জ.রা