নেত্রকোণায় সংস্কারহীন সড়ক: এলজিইডি–পৌরসভার সমন্বয়হীনতায় দুর্ভোগে ৪০ হাজার মানুষ

নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-04T21:30:23+06:00
2026-04-04T21:30:23+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
নেত্রকোণায় সংস্কারহীন সড়ক: এলজিইডি–পৌরসভার সমন্বয়হীনতায় দুর্ভোগে ৪০ হাজার মানুষ
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৯:৩০ পিএম 
নেত্রকোণায় সংস্কারহীন সড়ক: এলজিইডি–পৌরসভার সমন্বয়হীনতায় দুর্ভোগে ৪০ হাজার মানুষ
নেত্রকোণা সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ৪০ হাজার মানুষ। দায়িত্বপ্রাপ্ত দুই সংস্থা—এলজিইডি ও পৌরসভার সমন্বয়হীনতায় সড়কটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

ইসলামপুর মোড় থেকে হরিখালি মোড় হয়ে সমাজ পর্যন্ত প্রায় ৬ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি শহরের পূর্বাঞ্চলের মানুষের জন্য একপ্রকার ‘জীবনরেখা’। প্রতিদিন হাজারো মানুষ এই পথ ব্যবহার করেন। স্থানীয়দের পাশাপাশি বারহাট্টা ও মোহনগঞ্জ উপজেলায় যাতায়াতের বিকল্প পথ হিসেবেও সড়কটির গুরুত্ব রয়েছে।

সড়কটির আশপাশে পাসপোর্ট অফিস, ডায়াবেটিক হাসপাতাল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠায় এর ব্যবহার আরও বেড়েছে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পুরো সড়কজুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। কোথাও কোথাও সড়কের কাঠামো ভেঙে পড়েছে। বিশেষ করে পৌরসভার আওতাধীন প্রায় ১ কিলোমিটার অংশ সবচেয়ে বেশি বেহাল, যা পুরো সড়কের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। যাত্রী ও যানবাহনের চালকেরা পড়ছেন চরম ভোগান্তিতে।

স্থানীয় চালক সুমন মিয়া বলেন, “এই সড়ক দিয়ে চলাচল এখন ঝুঁকিপূর্ণ। একবার গাড়ি চালালে দ্বিতীয়বার আসতে ইচ্ছা করে না। প্রায়ই রিকশা ও সিএনজির দুর্ঘটনা ঘটে।”

স্থানীয় বাসিন্দা হাদিস মিয়া বলেন, “পৌরসভার মধ্যে এত খারাপ রাস্তা আর নেই। আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দ্রুত সংস্কার জরুরি।”

স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন বছর আগে এলজিইডির তত্ত্বাবধানে সড়কটির সংস্কার করা হলেও নিম্নমানের কাজ এবং ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে অল্প সময়েই তা নষ্ট হয়ে যায়।

এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বলেন, বিধিমালা অনুযায়ী পৌরসভার ভেতরের অংশ তাদের আওতার বাইরে। তবে পৌরসভার বাইরের অংশ দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে, নেত্রকোণা পৌরসভার প্রশাসক আরিফুল হক সরদার বলেন, ইসলামপুর মোড় থেকে হরিখালি পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে এলজিইডির সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা দ্রুত কাজ শুরু করবে বলে আশ্বাস দিয়েছে।

তবে সংশ্লিষ্ট দুই সংস্থার দায়িত্ব পালনে সমন্বয়হীনতার কারণে দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়ন কার্যক্রম স্থবির রয়েছে। একে অপরের ওপর দায় চাপানোর প্রবণতায় জনদুর্ভোগ আরও বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

এ অবস্থায় এলাকাবাসীর দাবি, দ্রুত সমন্বিত উদ্যোগ নিয়ে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার করা হোক এবং স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করা। 

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]