ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা করছে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জিটিতে একটি নির্বাচনী সমাবেশে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
কানসাস সিটিতে একটি নির্বাচনী সমাবেশে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভ্যান্স বলেন, হুথিদের মায়ুন দ্বীপ দখল নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটি বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত।
ভ্যান্স জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ সংশ্লিষ্ট অন্যান্য দেশের সঙ্গেও যুক্তরাষ্ট্র নিয়মিত যোগাযোগ রাখছে।
তবে হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
ভ্যান্সের এই বক্তব্যের পরই সৌদি আরবকে হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। গোষ্ঠীটি বলেছে, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ চলতে থাকলে সৌদি আরব নিরাপদ থাকবে না।
এক বিবৃতিতে হুথিরা অভিযোগ করে, সৌদি আরব গত ১২ বছর ধরে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন ও অবরোধ চালিয়ে আসছে।
হুথিদের দাবি, গত পাঁচ দিনে সৌদির খামিস মুশাইত ও তাইফ এলাকার ঘাঁটি থেকে ইয়েমেনের বিভিন্ন স্থানে ৩৫০টি বিমান হামলা চালানো হয়েছে। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, হুথিরা দেশটির দক্ষিণাঞ্চলে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সৌদি কর্মকর্তাদের দাবি, এসব হামলায় ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। পাশাপাশি কয়েকটি তেল স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জ/রা