‘স্ত্রী ২’-এর সাফল্যের পর বলিউডে যেন নতুন উচ্চতায় পৌঁছেছেন শ্রদ্ধা কাপুর। এবার আসন্ন সিনেমা ‘ইথা’র জন্য নিজের পারিশ্রমিক আগের তুলনায় প্রায় তিনগুণ বাড়িয়ে প্রায় ১৫ কোটি রুপি নেওয়ার খবর পাওয়া গেছে। এই পারিশ্রমিক নিয়ে বলিপাড়ায় শুরু হয়েছে আলোচনা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘স্ত্রী ২’ বক্স অফিসে বড় সাফল্য পাওয়ার পর থেকেই শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারে একের পর এক পরিবর্তন আসছে। এরই ধারাবাহিকতায় নতুন সিনেমাটির জন্য তার পারিশ্রমিকও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানা গেছে।
তবে শ্রদ্ধা কাপুর কিংবা ‘ইথা’ সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে পারিশ্রমিকের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। তবে বলিপাড়ার অন্দরে তার পারিশ্রমিক বৃদ্ধির খবর বেশ জোরালোভাবেই ছড়িয়ে পড়েছে।
পরিচালক লক্ষ্মণ উটেকরের ‘ইথা’ নির্মিত হচ্ছে প্রখ্যাত লাবণী নৃত্যশিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে। সিনেমাটিতে শ্রদ্ধাকে তার পরিচিত গ্ল্যামারাস চরিত্রের বাইরে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যাবে। চরিত্রটি অভিনেত্রীর অভিনয়জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করা হচ্ছে।
ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। সেখানে শ্রদ্ধার নতুন লুক ও অভিনয়ের ঝলক দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সিনেমাটিকে ঘিরে দর্শকদের কৌতূহলও বাড়ছে। সবকিছু ঠিক থাকলে ‘ইথা’ আগামী ২০২৬ সালের ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
জ/উ