বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবার নতুন ভূমিকায় দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র নাম দীর্ঘদিন ধরে জড়িয়ে থাকলেও এবার প্রথমবার পূর্ণাঙ্গ কুইজ শোর সঞ্চালকের আসনে দেখা যাবে মাধুরীকে। তবে তিনি থাকছেন কেবিসির মরাঠি সংস্করণে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন মৌসুমে অমিতাভ বচ্চনের সঞ্চালনায় প্রচার-ঝলক প্রকাশের পর মাধুরীর কেবিসিতে যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। পরে জানা যায়, মূলত মরাঠি সংস্করণের সঞ্চালিকার দায়িত্ব পেয়েছেন এই অভিনেত্রী।
মরাঠি কেবিসির আগের মৌসুমগুলোতে স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর ও নাগরাজ মঞ্জুলের মতো পরিচিত তারকারা সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন। এবারই প্রথম এই সংস্করণে একজন নারী সঞ্চালককে সামনে রেখে অনুষ্ঠান সাজানো হচ্ছে। সেই হিসেবে মাধুরীর মাধ্যমে মরাঠি কেবিসিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মাধুরী নিজেই। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, জীবনের নতুন একটি অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন তিনি। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার সমন্বয়ে তৈরি এই প্ল্যাটফর্মের অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত। নতুন উদ্যমে দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন বলেও জানান অভিনেত্রী।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন রিয়্যালিটি শোয়ে বিচারকের দায়িত্ব পালন করেছেন মাধুরী। তবে পূর্ণাঙ্গ কুইজ শোর সঞ্চালক হিসেবে এবারই প্রথম তাকে দেখা যাবে। ফলে প্রিয় অভিনেত্রীকে নতুন ভূমিকায় দেখার অপেক্ষায় রয়েছেন তার অসংখ্য ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমেও এরই মধ্যে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা।
তবে কেবিসির আঞ্চলিক সংস্করণে মাধুরীই প্রথম নারী সঞ্চালক নন। এর আগে তামিল ভাষার ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার। তবে মরাঠি কেবিসির ইতিহাসে মাধুরীই প্রথম নারী সঞ্চালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
জ/উ