বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ে আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই। ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি সোমবার আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় (কজলিস্ট) অন্তর্ভুক্ত করা হয়।
তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। একই সঙ্গে শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেন। তবে সেদিন হাইকোর্টের আদেশের ওপর কোনো স্থগিতাদেশ দেননি চেম্বার আদালত।
সেদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
অন্যদিকে, রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম. আবদুল কাইয়ূম ও আইনজীবী ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ দিপা।
চেম্বার আদালতের আদেশের বিষয়ে আইনজীবী কামরুন নাহার মাহমুদ দিপা ও ব্যারিস্টার আবদুল কাইয়ূম লিটন জানান, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল। তবে চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ না দিয়ে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। শুনানির জন্য ২৩ নভেম্বর দিন নির্ধারণ করা হয়।
এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।
হাইকোর্টের আদেশে অনলাইনে ভর্তি আবেদনের পোর্টাল খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চমাধ্যমিকের সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণে অংশ নেওয়া যোগ্য প্রার্থীদের শর্তসাপেক্ষে ভর্তি পরীক্ষার আবেদন জমা দেওয়ার সুযোগ দিতে বলা হয়।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার চেম্বার আদালতে শুনানি শেষে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। সোমবার সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগ।