ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূইয়াকে ঢাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন বলে একাধিক সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে।
রুহুল আমিন ভূইয়া ২০০৯ সালে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন তিনি।
তবে কী কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বর্তমানে তাঁকে কোথায় রাখা হয়েছে—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, ঢাকায় রুহুল আমিন ভূইয়া গ্রেপ্তার হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো তাঁর হাতে আসেনি।