নওগাঁর বদলগাছী উপজেলার কামারবাড়ী গ্রামের ১৪ বছর বয়সী আলিফ। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে উঠছে সে। কোমরের নিচ থেকে তার পা না থাকলেও থেমে নেই তার পড়াশোনা। বদলগাছী মাইলস্টোন হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আলিফের স্বপ্ন, একদিন কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে।
তিন ভাই-বোনের মধ্যে সবার বড় আলিফ। তার বাবা উজ্জ্বল হোসেন প্রবাসে থাকেন। মা সুখী বানু সংসারের কাজে ব্যস্ত থাকায় আলিফের দৈনন্দিন যত্ন, চিকিৎসা ও বিদ্যালয়ে যাতায়াতের দায়িত্ব পালন করেন দাদা সাইফুল হোসেন। প্রতিদিন দাদার কাঁধে চড়ে বিদ্যালয়ে যাওয়া-আসা করে সে।
দাদা সাইফুল হোসেন বলেন, ‘আলিফ হাল ছাড়ে না। আমি চেষ্টা করি সবসময় পাশে থাকার, যাতে সে এগিয়ে যেতে পারে। ৭ম শ্রেণী পর্যন্ত আমি আলিফকে কাঁধে করে নিয়ে যেতাম কিন্তু এখন আমার বয়স হয়েছে। আর কাঁধে করে নিয়ে যেতে পারি না। সমাজসেবা থেকে একটা ট্রাই-সাইকেল দিয়েছিলো কিন্তু ৩-৪ কিলোর রাস্তা সেটা দিয়ে যাওয়া অসম্ভব।’
মা সুখী বানু বলেন, ‘ছেলের জন্মের পর তাকে দেখে সবাই হতাশ হয়েছিলো। অনেক কথা শুনেছি আর কেঁদেছি। কিন্তু এখন তার লেখাপড়ার আগ্রহ আমাদের আশার আলো দেখায়। আমি চাই, সে নিজের স্বপ্ন পূরণ করুক।’
আলিফের সহপাঠী হৃদয় কুমার বলে, ‘আলিফ লেখাপড়ায় ভালো। সে খুব পরিশ্রমী ও মনোযোগী। আমরা একসঙ্গে খেলি, পড়াশোনা করি। তবে অনেক সময় আমরা খেললে সে তাকিয়ে থাকে, পা না থাকার কারণে আমাদের সাথে খেলতে পারে না। দেখে আমাদের খুবই খারাপ লাগে।’
মাইলস্টোন হাইস্কুলের প্রধান শিক্ষক আবু জর গিফারী বলেন, ‘আলিফ খুব মনোযোগী শিক্ষার্থী। শিক্ষক ও সহপাঠীরা তাকে সহযোগিতা করে। তার যাতায়াতের সুবিধার জন্য বিদ্যালয় থেকে একটি ট্রাইসাইকেলের ব্যবস্থা করা হয়েছে। তবে সেটা নষ্ট হয়ে গেছে। আর সেটা দিয়ে এতোটা রাস্তা আসা সম্ভব নয়। তার জন্য একটা ইলেকট্রিক ট্রাই-সাইকেল হলে সে যাতায়াতের ক্ষেত্রে স্বাবলম্বী হতে পারতো।।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মো. নূহ্ বলেন, “আলিফ প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তাকে একটি সাধারণ ট্রাইসাইকেল দেওয়া হয়েছে। তবে বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব তিন কিলোমিটার হওয়ায় সেটি চালিয়ে যাতায়াত করতে তার কষ্ট হয়। এ কারণে সে একটি ব্যাটারিচালিত ট্রাইসাইকেলের আবেদন করেছে। উপজেলা সমাজসেবা কার্যালয় ও প্রশাসনের সহযোগিতায় সেটি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।”
শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও পড়াশোনা চালিয়ে যাচ্ছে আলিফ। তার শিক্ষাজীবন এগিয়ে নিতে পরিবারের সহযোগিতা, দাদার প্রচেষ্টা ও শিক্ষকদের উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বিদ্যালয়ে যাতায়াতের কষ্ট কমাতে প্রয়োজন একটি ব্যাটারিচালিত ট্রাইসাইকেল। যা পেলে যাতায়াতে অন্যের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়াও সহজ হবে।
জ/দি