রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী নৃশংসতার ঘটনায় জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আজকের রায়ের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের ধারণা, রোহিঙ্গা তরুণদের একটি অংশ অস্তিত্বের সংকটে এতটাই বিপর্যস্ত যে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেক থাকলে এই পরিস্থিতি থেকে তাদের উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করাও এখন অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জনসংখ্যা ৩৭ শতাংশ বাড়লেও তাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমেছে ৩৪ শতাংশ। প্রয়োজনের তুলনায় সহায়তা কমে যাওয়ায় সংকট আরও জটিল হয়ে উঠছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় কোনোভাবেই নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না।
ড. তিতুমীর বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে পাঁচ দফাভিত্তিক রোহিঙ্গা প্রত্যাবাসন প্রস্তাব উপস্থাপন করেছেন।
রোহিঙ্গাদের জন্য কেবল মানবিক সহায়তা যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, তাদের রাজনৈতিক অধিকারও নিশ্চিত করতে হবে। এ সংকটের সমাধানে আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের সহযোগিতায় প্রচলিত দৃষ্টিভঙ্গিতে মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন। পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদে প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশের ওপর এ সংকটের অর্থনৈতিক চাপের বিষয়টি তুলে ধরে উপদেষ্টা বলেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। তবে এ জন্য দেশকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে, যা সীমিত সম্পদের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। ভঙ্গুর অর্থনীতি থেকে পুনরুদ্ধারের পথে থাকা বাংলাদেশের জন্য এই ব্যয় অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও জোরালো সাড়া প্রয়োজন।
ব্র্যাকের সাম্প্রতিক গবেষণার ভিত্তিতে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর তরুণদের পরিস্থিতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে এ নীতি সংলাপের আয়োজন করা হয়।
উল্লেখ্য, রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে।
জ/দি