বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে সকাল থেকেই শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। এতে পল্লবী এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এ সময় পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পাশাপাশি মাইকিং করেও তাদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
তবে শ্রমিকরা অবস্থান অব্যাহত রাখলে একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে।
এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থল থেকে বেরিয়ে বাসায় না ফিরে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান।
জ/দি