যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ। আজ সোমবার এ ঘোষণা দিয়েছে সংস্থাটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএফসি জানায়, দক্ষিণ এশিয়ায় তাদের বিনিয়োগ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পে সহায়তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব জোরদার এবং আঞ্চলিক সার্বভৌমত্ব সুরক্ষায় কাজ করছে সংস্থাটি। বাংলাদেশকে অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত করায় দেশটির উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার নতুন সুযোগ তৈরি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিএফসির অর্থায়ন ও বিনিয়োগ ঝুঁকি প্রশমনের বিভিন্ন সুবিধা সম্প্রসারিত হলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণ এবং অর্থায়ন সংকটের কারণে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে-এমন প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হবে। এসব বিনিয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অত্যাবশ্যকীয় সেবার আওতা সম্প্রসারণ এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা সম্ভব হবে। বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্পগুলো যাতে অর্থায়ন সংকট কিংবা বিনিয়োগসংক্রান্ত ঝুঁকির কারণে বাধাগ্রস্ত না হয়, সে ক্ষেত্রে ডিএফসির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ‘ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি আমাদের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধি নিশ্চিত করতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করার প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে আমরা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নিতে পারব।’
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে আমাদের অঙ্গীকারেরই প্রকাশ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি। এই লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর ফলে উভয় দেশেই সমৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। একই সঙ্গে বিশ্বের দ্রুততম প্রবৃদ্ধি অর্জনকারী কয়েকটি অর্থনীতিও এ অঞ্চলে অবস্থিত। এ কারণে কৌশলগত মার্কিন বিনিয়োগের জন্য অঞ্চলটি অত্যন্ত সম্ভাবনাময়। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও উপস্থিতি সম্প্রসারণে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ ডিএফসি। অবাধ বাজার অর্থনীতির নীতির ভিত্তিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, বেসরকারি পুঁজি বিনিয়োগে উৎসাহিত করা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে কাজ করছে সংস্থাটি।
জ/দি