শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিবিসি বাংলার প্রতিবেদনের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, প্রতিবেদনে উল্লেখ করা কোনো বিষয়ই ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়নি। আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।
সম্প্রতি ‘শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা। এতে বলা হয়, দিল্লির সরকারি কর্মকর্তারা গণমাধ্যমটিকে আভাস দিয়েছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের প্রধান শর্ত দুটি।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম শর্ত হলো-শেখ হাসিনা ভারতে পৌঁছেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে। তাঁকে ফিরিয়ে নিতে হলেও বাংলাদেশ সেনাবাহিনীকেই সেই ব্যবস্থা করতে হবে।
দ্বিতীয় শর্ত হিসেবে বলা হয়েছে, শেখ হাসিনা যাতে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু করা হয়, সে বিষয়ে বাংলাদেশকে নিশ্চয়তা দিতে হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, এই দুই শর্ত পূরণের মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার পথ সহজ করতে দিল্লি কয়েক মাস ধরে ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এ ধরনের প্রতিবেদন যে কেউ করতে পারে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ভারত এ ধরনের কোনো শর্ত বা চাওয়ার কথা বাংলাদেশকে জানায়নি।
এদিকে, আওয়ামী লীগ অতীতের মতো এখনো পেট্রোল বোমা ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জ/দি