চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে রেকর্ড গড়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। মাসটিতে সংস্থাটি ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় করেছে, যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।
গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে ভ্যাট আদায়ের পরিমাণ ছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ৩৪ দশমিক ৪৭ শতাংশ।
তবে অক্টোবর মাসে এলটিইউ, ভ্যাটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এ মাসে লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে আদায় কম হয়েছে। তারপরও আগের মাসগুলোতে ৩০ শতাংশের বেশি নেতিবাচক প্রবৃদ্ধির পর অক্টোবরে এ সাফল্য রাজস্ব আদায়ে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এলটিইউ, ভ্যাটের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের অক্টোবর মাসে রাজস্ব আদায় হয়েছিল ৩ হাজার ৭৪৬ কোটি ২৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে আদায় হয় ৫ হাজার ২৫২ কোটি ৮১ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবরে আদায়ের পরিমাণ দাঁড়ায় ৫ হাজার ৫৯১ কোটি ৩ লাখ টাকা। আর ২০২৫-২৬ অর্থবছরের একই মাসে আদায় হয়েছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবরে তা বেড়ে ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে গত কয়েক বছরের অক্টোবর মাসের রাজস্ব আদায়ের আগের রেকর্ড ছাড়িয়েছে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ), ভ্যাট।
জ/দি