খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী এলাকায় অংথেপ্রু মারমা (৬৬) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অংথেপ্রু মারমা রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা। তিনি তৎকালীন বিডিআর, বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক সদস্য ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাতে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন অংথেপ্রু মারমা। রাত সাড়ে ৯টা পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন।
নিহতের ছেলে থৈ অংগ্য মারমা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও বাবার সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে স্থানীয় বিজিবি বিওপিতে বিষয়টি জানানো হয়। পরে বিজিবি সদস্যরাও তাঁর সন্ধানে তৎপর হন।
তিনি আরও জানান, শনিবার ভোর থেকে গ্রামবাসীদের নিয়ে আবারও বাবার খোঁজ শুরু করেন তাঁরা। সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে বাবার ঘাসের বস্তাটি দেখতে পান। পরে আশপাশে খোঁজাখুঁজি করে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
থৈ অংগ্য মারমা বলেন, তাঁর বাবার কপালে আঘাতের চিহ্ন ছিল এবং তখনো রক্তক্ষরণ হচ্ছিল।
মরদেহ উদ্ধারের খবর পেয়ে বিজিবি ও পুলিশ ২২১৪/১৮ এস বিডি নম্বর সীমানা পিলারসংলগ্ন এলাকায় দ্রুত পৌঁছায়। তবে এর আগেই স্বজনরা নদীর ওপার থেকে মরদেহ উদ্ধার করে এপারে নিয়ে আসেন। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে সকাল ১০টার দিকে মরদেহটি থানায় নিয়ে যায়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, নিহত অংথেপ্রু মারমার কপাল ও নাকের ওপর আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সেটি খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জ/দি