আগামী বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করতে ওয়েস্ট ইন্ডিজ সফরের একমাত্র টেস্ট ম্যাচটি বাতিল করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নতুন পরিকল্পনা অনুযায়ী, সফরে শুধু তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড নারী দল।
আইসিসির ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) অনুযায়ী, আগামী বছরের এপ্রিল ও মে মাসে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ইংল্যান্ডের মেয়েদের।
তবে বুধবার ইসিবি প্রকাশিত নতুন পরিকল্পনায় সফরটি কেবল সাদা বলের ক্রিকেটে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) শিগগিরই ছয় ম্যাচের চূড়ান্ত সূচি ও ভেন্যু ঘোষণা করবে।
ইংল্যান্ডের ঘরোয়া ওয়ানডে কাপের প্রথম পর্ব শেষ হওয়ার পরই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা হবেন ইংলিশ ক্রিকেটাররা।
২০২৭ সালের জুনে হেডিংলিতে মাল্টি-ফরম্যাট অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই সিরিজকে সামনে রেখে বড় পরিসরে প্রস্তুতির পরিকল্পনা করেছে ইসিবি।
পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারিতে ভারতের বেঙ্গালুরুতে ১০ দিনের বিশেষ লাল বলের অনুশীলন ক্যাম্প করবে ইংল্যান্ড দল। এরপর ইংলিশ কন্ডিশনে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের একটি ম্যাচ খেলবে তারা। পাশাপাশি নিজেদের মধ্যে তিনটি লাল বলের ‘বেস্ট ভার্সেস বেস্ট’ প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হবে।
মাল্টি-ফরম্যাট অ্যাশেজে প্রতিটি ওয়ানডে ও টি-টোয়েন্টি জয়ের জন্য ২ পয়েন্ট দেওয়া হয়। অন্যদিকে একমাত্র টেস্ট জিতলে পাওয়া যায় ৪ পয়েন্ট। ফলে সিরিজে টেস্ট ম্যাচটির গুরুত্ব তুলনামূলক বেশি। এ কারণে টেস্টের প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন ইংল্যান্ড নারী দলের প্রধান কোচ শার্লট এডওয়ার্ডস।
সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের পারফরম্যান্সও খুব একটা সন্তোষজনক নয়। আগের অ্যাশেজে মেলবোর্ন টেস্টে ইনিংস ও ১২২ রানে হেরেছিল দলটি। এ ছাড়া এডওয়ার্ডসের অধীনেই লর্ডসে অনুষ্ঠিত ঐতিহাসিক প্রথম নারী টেস্টে ভারতের কাছে ২৭০ রানের বড় ব্যবধানে পরাজিত হয় স্বাগতিক ইংল্যান্ড।
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে লাল বলের ম্যাচ খেলার সুযোগ সীমিত হওয়ায় আন্তর্জাতিক সূচির টেস্টটি বাদ দিয়ে নিজেদের কন্ডিশনে বিশেষ প্রস্তুতির পরিকল্পনা করেছে ইসিবি।
এক বিবৃতিতে ইসিবি জানায়, ইংল্যান্ডের ঘরোয়া মৌসুম শুরু হওয়ার পর এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ সফর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঘরের মাঠে নিবিড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনেই ক্যারিবিয়ান সফরের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে সহযোগিতাপূর্ণ মনোভাব দেখানোর জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বোর্ডটি।
এদিকে আর্থিক সংকটের কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও কঠিন সময় পার করছে। পরিচালন ব্যয় সামাল দিতে না পেরে গত সেপ্টেম্বরেই ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বেতন কমানোর পাশাপাশি ছেলেদের সুপার ফিফটি ও মেয়েদের টি-টোয়েন্টি ব্লেজ টুর্নামেন্ট স্থগিত করেছিল সিডব্লিউআই।
গত মাসে ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন জানিয়েছিলেন, অ্যাশেজের প্রস্তুতির স্বার্থে প্রয়োজন হলে ক্যারিবিয়ান সফরের টেস্ট ম্যাচ আয়োজনের জন্য আর্থিক সহায়তা দিতেও প্রস্তুত তাঁর বোর্ড।
তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আর্থিক কোনো সংকটের কারণে নয়, বরং অল্প সময়ের মধ্যে নিজেদের মাঠে বেশি সংখ্যক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লাল বলের ম্যাচ খেলার সুযোগ তৈরির কৌশলগত সিদ্ধান্ত থেকেই সূচিতে পরিবর্তন এনেছে ইংল্যান্ড।
ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, ইংলিশ কন্ডিশনে সেরা খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দলের জন্য বড় সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে দলের গভীরতা যাচাইয়ের পাশাপাশি আরও বেশি ক্রিকেটারকে দীর্ঘ সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, অ্যাশেজ টেস্টের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় এ প্রস্তুতি শার্লট এডওয়ার্ডস ও তাঁর দলকে যথাযথভাবে তৈরি হতে সহায়তা করবে।
জ/দি