মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগের নির্ধারিত সময় ১৫ নভেম্বর থেকে বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সড়ক পরিবহণ আইন, ২০১৮’ এবং ‘সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের সামনে ও পেছনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ বিধান অনুসরণ করে নির্ধারিত মাপ ও শর্ত অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য মালিকদের অনুরোধ জানিয়েছে বিআরটিএ।
গণবিজ্ঞপ্তিতে নম্বরপ্লেটের মাপ ও তৈরির শর্তও উল্লেখ করা হয়েছে। স্কুটারের ক্ষেত্রে ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। এতে ব্যবহৃত অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এসব নম্বরপ্লেটেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
বিআরটিএর শর্ত অনুযায়ী, ম্যানুয়াল নম্বরপ্লেট তৈরি করতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে। নম্বরপ্লেটের পটভূমি সাদা এবং অক্ষর ও সংখ্যা কালো রঙের হতে হবে। রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করে। এ ছাড়া নম্বরপ্লেটে কোনো ধরনের শোভাবর্ধন বা অতিরিক্ত নকশা করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে। উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে-ঢাকা মেট্রো-ল-১১-১২২৯।
জ/দি