মেট্রোরেলে উত্তরা উত্তর স্টেশনে নেমে আশপাশের গন্তব্যে যেতে এত দিন অনেকের ভরসা ছিল রিকশা। দূরত্ব অনুযায়ী গুনতে হতো ৪০ থেকে ৫০ টাকা। এবার স্বল্প দূরত্বের যাতায়াতে বিকল্প হিসেবে যুক্ত হয়েছে ভাড়ায় চালিত সাইকেল। প্রতি মিনিটে মাত্র এক টাকা ভাড়ায় সাইকেল ব্যবহারের সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠান জোবাইক। এতে কম খরচে গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি যানজট এড়িয়ে চলার সুযোগ তৈরি হয়েছে। তবে নতুন এ সেবায় আগ্রহ বাড়লেও সাইকেল আনলক করতে নেটওয়ার্ক সমস্যা, হেলমেটের অভাব এবং পর্যাপ্ত পার্কিং স্টেশন না থাকাসহ কয়েকটি সীমাবদ্ধতার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা।
গত ৫ নভেম্বর উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের নিচে এ সেবা চালু করা হয়। চালুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ জন নিবন্ধন করেছেন। প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০টি রাইড হচ্ছে। প্রতিটি রাইডের সময়সীমা ৩০ মিনিট থেকে দেড় ঘণ্টা পর্যন্ত। বর্তমানে স্টেশনটিতে পাঁচটি সাইকেল রাখা হয়েছে।
জোবাইকের সাইকেল ব্যবহার করতে প্রথমে গুগল প্লে স্টোর থেকে ২৪ মেগাবাইটের অ্যাপটি মোবাইল ফোনে ইনস্টল করতে হয়। এরপর নিজের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করে ফোনে আসা যাচাইকরণ কোড দিতে হয়। প্রোফাইলে নাম, জন্মতারিখ ও ইমেইল ঠিকানা যুক্ত করলেই নিবন্ধন সম্পন্ন হয়। পুরো প্রক্রিয়ায় খুব বেশি সময় লাগে না।
সাইকেল ব্যবহারের জন্য অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে সেটি আনলক করতে হয়। এ জন্য একবার দুই টাকা আনলক ফি দিতে হয়। এরপর প্রতি মিনিটের ভাড়া এক টাকা। অর্থাৎ, ৩০ মিনিট সাইকেল চালালে ভাড়া দিতে হবে ৩০ টাকা। এর সঙ্গে যোগ হবে দুই টাকা আনলক ফি।
অ্যাপের মাধ্যমে বিকাশসহ অন্যান্য পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের সাহায্যে ক্রেডিট রিচার্জের ব্যবস্থা থাকলেও বর্তমানে সেটি বন্ধ রয়েছে। আপাতত সাইকেল ব্যবহারের জন্য জোবাইকের দায়িত্বে থাকা কর্মী সরাসরি ব্যবহারকারীর অ্যাকাউন্টে ক্রেডিট যোগ করে দিচ্ছেন।
তবে সাইকেল আনলক করার সময় কিউআর কোড স্ক্যান করতে কিছুটা বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী। নেটওয়ার্ক সমস্যার কারণে এমনটি হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জোবাইকের এ সেবা সবচেয়ে বেশি ব্যবহার করছেন ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বেশি দেখা যাচ্ছে। উত্তরা এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল থাকায় স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য সাইকেলগুলো বেশ কার্যকর হবে বলে মনে করছেন ব্যবহারকারীরা।
সাইকেল ব্যবহারকারী তারিকুল ইসলাম তমাল বলেন, ‘রেজিস্ট্রেশন করতে সময় লাগছে না। তবে আনলক করতে নেটওয়ার্কে একটা সমস্যা হচ্ছে। এটাতে উপকারের বিষয়টিই বেশি দেখছি। কম খরচে আপনি আশপাশের যেকোনো জায়গায় যেতে পারবেন। বিশেষ করে আশপাশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল আছে। তারা উপকৃত হবেন।’
তিনি আরও বলেন, ‘সাইকেলের সবকিছু ঠিক আছে। নতুন তবে প্যাডেলটা একটু বেশি টাইট। আর আমার কাছে থেকে যদি চুরি হয়ে যায়, তাহলে তার দায়ভার আমাকে নিতে হবে। তবে এই এলাকায় সাইকেল চালানো নিরাপদও হবে, কারণ বড় গাড়ি খুব একটা চলে না।’
উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হানিফ বলেন, ‘বন্ধুরা মিলে ঘুরে আসলাম। ভালোই লাগল। উদ্যোগটা ভালো। তবে চালানো একটু কঠিন হচ্ছে। হাঁপিয়ে যাচ্ছি। আমাদের ক্যাম্পাসের দিকে একটা পার্কিং স্টেশন হলে ভালো হতো।’
স্থানীয় বাসিন্দারাও উদ্যোগটিকে ইতিবাচকভাবে দেখছেন। তবে তাদের কারও কারও মতে, সাধারণ সাইকেলের পাশাপাশি ইলেকট্রিক বাইকের ব্যবস্থা করা হলে ব্যবহারকারীদের জন্য আরও সুবিধা হতো।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘আমি পাশেই থাকি। আমার জন্য ব্যবহারটা সহজ হবে। স্টেশন থেকে নেমে রিকশা নিয়ে যেতে হয়। ভাড়া ৪০ থেকে ৫০ টাকা লাগে। আমি দশ মিনিটে সাইকেল চালিয়ে পৌঁছে যেতে পারব। খরচও কম হবে। তবে এটা যদি ইলেকট্রিক হতো, তাহলে ভালো হতো।’
বর্তমানে উত্তরা এলাকায় জোবাইকের দুটি পার্কিং স্টেশন রয়েছে। এর একটি উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের নিচে এবং অন্যটি রূপায়ণ সিটিতে। তবে ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় ভবিষ্যতে আরও পার্কিং স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
সাইকেলগুলো নতুন হলেও চালানোর সময় প্যাডেল কিছুটা শক্ত মনে হচ্ছে বলে জানিয়েছেন কয়েকজন ব্যবহারকারী। এ ছাড়া সাইকেল চালানোর সময় এখনো হেলমেট সরবরাহ করা হচ্ছে না। এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, হেলমেটের জন্য ইতোমধ্যে অর্ডার দেওয়া হয়েছে। শিগগিরই ব্যবহারকারীদের জন্য উন্নত মানের হেলমেট সরবরাহ করা হবে।
সাইকেলগুলোর রক্ষণাবেক্ষণের জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একজন কর্মী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। কর্তৃপক্ষের দাবি, এখন পর্যন্ত উত্তরা এলাকায় কোনো সাইকেল নষ্ট, চুরি কিংবা হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি।
জোবাইকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেদী রেজা বলেন, সাইকেলের নিরাপত্তা নিশ্চিত করতে জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে প্রতিটি সাইকেলের অবস্থান, কোনটি চলাচলে রয়েছে এবং কোনটি খালি আছে, তা পর্যবেক্ষণ করা যায়।
তিনি জানান, প্রতিটি সাইকেলের জন্য নির্দিষ্ট চলাচলের এলাকা নির্ধারণ করা হয়েছে। কোনো ব্যবহারকারী সাইকেল সেই এলাকার বাইরে নিয়ে গেলে তাকে ফোন করে সতর্ক করা হয়। এরপরও সাইকেল ফেরত না এলে প্রতিষ্ঠানের কর্মীরা গিয়ে সেটি নিয়ে আসেন।
মেহেদী রেজা বলেন, ‘উত্তরায় এখনো আমাদের কোনো সাইকেল হারায়নি। তবে সারা বাংলাদেশের হিসাব করলে আমাদের কিছু সাইকেল হারিয়েছিল। সেগুলো সবই আমরা উদ্ধার করেছি।’
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জোবাইকের সিইও বলেন, প্রতিটি মেট্রোরেল স্টেশনে ৫০টি করে সাইকেল দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ছয় মাসের পরিকল্পনার অংশ হিসেবে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ-এই তিনটি স্টেশনে সেবা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরবর্তী সময়ে সেবার কার্যকারিতা এবং ব্যবহারকারীদের চাহিদা বিবেচনা করে অন্যান্য মেট্রোরেল স্টেশনেও সাইকেল সরবরাহ করা হবে। যাত্রীরা কোন এলাকায় বেশি যাতায়াত করছেন এবং কোথায় সাইকেলের চাহিদা বেশি, তা বিশ্লেষণ করে পার্কিং স্টেশনের সংখ্যাও বাড়ানো হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে চুক্তির বিষয়ে মেহেদী রেজা বলেন, টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে জোবাইক এ কাজের দায়িত্ব পেয়েছে। নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করেই উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনে সেবাটি চালু করা হয়েছে।
সবশেষে সাইকেল ব্যবহারে মানুষকে উৎসাহিত করে মেহেদী রেজা বলেন, ‘আমরা রিকশা ছাড়া এখন কিছু বুঝি না। আমরা নিজেদের স্বাস্থ্য নিয়ে ভাবি না। সাইকেল খুব ভালো মানের একটা পরিবহনব্যবস্থা। এমন না যে রিকশা বন্ধ করে দিতে হবে। আমি বলব, প্রতিদিন ১০ মিনিট হলেও সাইকেল চালান। এতে স্বাস্থ্যগত সুবিধা পাওয়ার পাশাপাশি ভালো মানের পরিবহনসেবাও পাওয়া যাবে।’
জ/দি