দেশের সামাজিক ও পল্লী অবকাঠামো উন্নয়নে প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্প দুটি হলো-সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসআইডিপি) এবং অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)। গত ৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প দুটি অনুমোদন করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে প্রকল্প দুটি বাস্তবায়িত হবে। এগুলো বাস্তবায়িত হলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এসআইডিপির প্রাক্কলিত ব্যয় ২ হাজার ৫৬৫ কোটি ৫৯ লাখ টাকা। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে। দেশের সব এলাকা, সিটি করপোরেশনসহ, এর আওতায় থাকবে। প্রকল্পে প্রায় ৫৩ হাজার ডিপিপিভুক্ত স্কিম অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।
এ প্রকল্পের আওতায় দেশের মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান, প্যাগোডা, গুরুদুয়ারা, শ্মশান ও গির্জার অবকাঠামোগত উন্নয়ন করা হবে। প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। প্রকল্প ব্রিফ অনুযায়ী, সংসদ সদস্যদের ডিও লেটারের ভিত্তিতে অগ্রাধিকার বিবেচনায় এসব অর্থ ব্যয় করা যাবে।
অন্যদিকে, আইআরআইডিপি-৩-এর তৃতীয় সংশোধনীর আওতায় প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। এ অর্থ দিয়ে গ্রামীণ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ এবং বিদ্যমান সড়ক রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ করা হবে।
প্রকল্পের আওতায় ১৫৭ দশমিক ২৫ কিলোমিটার উপজেলা সড়ক, ৮৩৩ দশমিক ৯০ কিলোমিটার ইউনিয়ন সড়ক এবং ৭ হাজার ৯৮৪ দশমিক ৬০ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়ন করা হবে। এ ছাড়া ৮৯৬ দশমিক ১৬ কিলোমিটার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ, ১২ হাজার ৭৪ দশমিক ১৪ মিটার সড়ক অবকাঠামো নির্মাণ, ৮০টি হাটবাজারের উন্নয়ন এবং ৩ হাজার কিলোমিটার সড়কে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে।
পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি ২০২০ সালের জুনে অনুমোদনের সময় ব্যয় ধরা হয়েছিল ৬ হাজার ৪৭৬ কোটি ৬৫ লাখ টাকা। বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছিল ২০২০ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত। প্রথম সংশোধনে ব্যয় বাড়িয়ে ৬ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা করা হয় এবং মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। দ্বিতীয় সংশোধনে ব্যয় অপরিবর্তিত রেখে মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়।
প্রকল্পটির লক্ষ্য সারা দেশের গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক উন্নত করে কৃষি ও অকৃষি পণ্যের উৎপাদন ব্যয় কমানো এবং বাজারজাত সহজ করা। পাশাপাশি পল্লি অঞ্চলের মাথাপিছু আয় বাড়ানো, প্রত্যন্ত গ্রামকে নিকটবর্তী গ্রোথ সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা ও জেলা সদরের সঙ্গে যুক্ত করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও এর উদ্দেশ্য।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সক্ষমতা বাড়বে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস ও সামাজিক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে এসব উদ্যোগ।