রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার উদ্দেশ্যে ঘটানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারির পাশাপাশি অভিযান জোরদার করা হয়েছে।
আজ রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে পুলিশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তদন্ত চালাচ্ছে। ইতোমধ্যে এসব ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও তাদের অঙ্গসংগঠনের সদস্যও রয়েছেন।
আকতার হোসেন বলেন, সার্বিক বিষয় পর্যালোচনায় দেখা গেছে, একটি নির্দিষ্ট গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাশকতা ও আতঙ্ক ছড়াতে এসব ঘটনা ঘটাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপির অপারেশনাল কার্যক্রম জোরদারের পাশাপাশি পুলিশ মোতায়েনও বাড়ানো হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের মধ্যে আতঙ্ক দূর করতে মোবাইল পার্টি ও পিকেট ডিউটির পাশাপাশি কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
জ/দি