তিন দিনের সফরে কাল বাংলাদেশে আসছেন ডাচেস সোফি

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-08T15:22:13+06:00
2026-11-08T15:22:13+06:00
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
তিন দিনের সফরে কাল বাংলাদেশে আসছেন ডাচেস সোফি
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:২২ পিএম | ৮ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক অংশীদারত্বের বিভিন্ন দিক তুলে ধরতে তিন দিনের সরকারি সফরে আগামীকাল বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। তিনি রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী, যিনি এডিনবরার ডিউক।

বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ডাচেস সোফি। সফরে নারী ও মেয়েদের কল্যাণ, নিরাপত্তা, সুরক্ষা এবং ক্ষমতায়নের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। এ লক্ষ্যেই তিনি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, ঢাকায় পৌঁছানোর পর ডাচেস সোফিকে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এ সময় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান এবং শান্তি ও নিরাপত্তা কার্যক্রমে নারীদের অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে জানতে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন।

এ ছাড়া সফরের অংশ হিসেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ঘুরে দেখবেন ডাচেস সোফি। সেখানে নারী হকি খেলোয়াড়সহ উদীয়মান তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি। খেলাধুলার মাধ্যমে নারী ও মেয়েদের জন্য নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরির বিষয়টি এ আয়োজনের মাধ্যমে তুলে ধরা হবে।

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তরুণ প্রজন্মকে নিয়ে আয়োজিত বিশেষ উদযাপনেও অংশ নেবেন ডাচেস। সেখানে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং নারী ক্ষমতায়নের বিষয়ে গুরুত্ব দিয়ে বক্তব্য ও বার্তা তুলে ধরবেন তিনি।

ঢাকায় নির্ধারিত কর্মসূচি শেষে কক্সবাজারে যাবেন ডাচেস সোফি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে অবস্থানকালে জোরপূর্বক বাস্তুচ্যুত নারী, শিশু ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পরিচালিত সুরক্ষা এবং সহায়তামূলক কার্যক্রম সম্পর্কে জানবেন তিনি।

পাশাপাশি শরণার্থী শিবিরগুলোতে নারী ও শিশুদের নেতৃত্ব বিকাশ এবং বিভিন্ন সংকট মোকাবিলায় তাদের সক্ষমতা ও স্থিতিশীলতা বাড়াতে মাঠপর্যায়ে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, সেসব কার্যক্রমও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন ডাচেস সোফি।


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত