ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন পাওয়া নির্বাচনী ইশতেহার অনুযায়ী, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৩০তম ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, প্রস্তাবিত এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ভোগনির্ভরতার পরিবর্তে বিনিয়োগের ভিত্তিতে গড়ে তোলা হবে। বাংলাদেশের বাণিজ্যিক স্বার্থ ও সুবিধা সুরক্ষায় সরকার অর্থনৈতিক কূটনীতি জোরদার করছে।
এ উদ্যোগের ফলে বাংলাদেশের জন্য নতুন নতুন বাজার উন্মুক্ত হবে এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন হাফিজ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। এমন পরিবেশ নিশ্চিত করা হচ্ছে, যাতে মার্কিন কোম্পানিগুলো স্বাচ্ছন্দ্যে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারে। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং শ্রম আইন বাস্তবায়নের কার্যক্রম আরও জোরদার করা হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে।
জ/দি