ইতিহাসে প্রথমবার একসঙ্গে মার্কিন সিনেটের দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-04T12:04:11+06:00
2026-11-04T12:04:11+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইতিহাসে প্রথমবার একসঙ্গে মার্কিন সিনেটের দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:০৪ পিএম | ৪ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক তৈরি হতে যাচ্ছে। দেশটির ২৩৫ বছরের বেশি সময়ের সিনেটের ইতিহাসে প্রথমবারের মতো একই সময়ে দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী।

ইলিনয় অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর জুলিয়ানা স্ট্র্যাটন সিনেট নির্বাচনে জয়ী হওয়ায় এ ইতিহাস গড়ার সুযোগ তৈরি হয়েছে। আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তিনি সিনেটর লিসা ব্লান্ট রচেস্টার ও অ্যাঞ্জেলা অলসুব্রুকসের সঙ্গে যোগ দেবেন।

অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডন ট্রেসিকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী স্ট্র্যাটন। তাঁর বিজয়ের মধ্য দিয়ে মার্কিন সিনেটে কৃষ্ণাঙ্গ নারীদের প্রতিনিধিত্বের সংখ্যা বাড়ছে।

এর আগে ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালে সিনেটের দায়িত্ব গ্রহণ করেন লিসা ব্লান্ট রচেস্টার ও অ্যাঞ্জেলা অলসুব্রুকস। তাঁরাই প্রথম দুই কৃষ্ণাঙ্গ নারী, যাঁরা একই সময়ে যুক্তরাষ্ট্রের সিনেটে দায়িত্ব পালন শুরু করেন। এবার স্ট্র্যাটন যোগ দিলে একই সময়ে দায়িত্ব পালনকারী কৃষ্ণাঙ্গ নারী সিনেটরের সংখ্যা দাঁড়াবে তিনে।

স্ট্র্যাটন হবেন যুক্তরাষ্ট্রের সিনেটে দায়িত্ব পালনকারী ষষ্ঠ কৃষ্ণাঙ্গ নারী। একই সঙ্গে তিনি ইলিনয় অঙ্গরাজ্য থেকে নির্বাচিত দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী সিনেটর হিসেবেও ইতিহাস গড়বেন।

এর আগে ১৯৯২ সালে ইলিনয় থেকেই ক্যারল মোসলি ব্রাউন প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মার্কিন সিনেটে নির্বাচিত হন। এরপর ২০১৬ সালে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সিনেটর নির্বাচিত হন কমলা হ্যারিস। পরে ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ল্যাফনজা বাটলারকে সিনেটর হিসেবে নিয়োগ দেন। তবে তিনি নির্বাচনের মাধ্যমে ওই পদে আসেননি।

স্ট্র্যাটনের বিজয়ের মধ্য দিয়ে ইলিনয় অঙ্গরাজ্যেও নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে। সিনেটর ট্যামি ডাকওয়ার্থ ও জুলিয়ানা স্ট্র্যাটন একই সময়ে দায়িত্ব পালন করলে ইলিনয় হবে প্রথম অঙ্গরাজ্য, যেখান থেকে একই সঙ্গে দুজন অশ্বেতাঙ্গ নারী মার্কিন সিনেটে প্রতিনিধিত্ব করবেন।

যুক্তরাষ্ট্রের আইনসভায় নারী ও কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের ক্ষেত্রে এ ঘটনাকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাসে সীমিত প্রতিনিধিত্বের পর একই সময়ে তিন কৃষ্ণাঙ্গ নারীর সিনেটে উপস্থিতি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। সূত্র: অ্যাক্সিওস ও সিএনএন

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত