দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ধারাবাহিকতায় দুই দফা সমন্বয়ে উল্লেখযোগ্য দরপতন হয়েছে। সর্বশেষ গত শনিবার (৩১ অক্টোবর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
বাজুসের সর্বশেষ নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ (১১ দশমিক ৬৬৪ গ্রাম) কিনতে ক্রেতাকে ভ্যাটসহ ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা পরিশোধ করতে হবে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা।
অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকায়। আর সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
স্বর্ণের নতুন দাম নির্ধারণের পাশাপাশি অলঙ্কার বিক্রি, বিনিময় ও পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে কয়েকটি নির্দেশনা দিয়েছে বাজুস।
সংগঠনটির নির্দেশনা অনুযায়ী, অলঙ্কারের নকশা ও কাজের ধরন বিবেচনায় নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
বাজুসের নিয়ম অনুসারে, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো অলঙ্কার কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে অলঙ্কার বিনিময় কিংবা পুরোনো অলঙ্কার কেনার সময় আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এ মূল্য কার্যকর থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
এর আগে গত শুক্রবার (৩০ অক্টোবর) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়। সেদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছিল।
শুক্রবারের সমন্বয়ে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমিয়ে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতিতে তৈরি প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
শুক্রবার ও শনিবার পরপর দুই দফা দাম কমানোর ফলে দেশের স্বর্ণের বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে ২২ ক্যারেটের স্বর্ণের দাম কমায় ক্রেতারা আগের তুলনায় কম দামে স্বর্ণের অলঙ্কার কেনার সুযোগ পাচ্ছেন।
জ/শা