খেলাধুলায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বাড়বে, গড়বে মাদকমুক্ত সমাজ: চিফ হুইপ

বামনা (বরগুনা) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-15T15:30:06+06:00
2026-10-15T15:30:06+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
খেলাধুলায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বাড়বে, গড়বে মাদকমুক্ত সমাজ: চিফ হুইপ
বামনা (বরগুনা) প্রতিনিধি
⏲ ৩:৩০ পিএম | ১৫ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
বামনা (বরগুনা) প্রতিনিধি
জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের সংসদ সদস্য আলহাজ নূরুল ইসলাম মণি বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলাকে অগ্রাধিকার দিতে হবে। খেলাধুলার মাধ্যমে দেশের প্রতিভাবান ক্রীড়াবিদেরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বাড়াবেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গতকাল বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বরগুনার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মাইক্রোটেক্স ডিজাইন’-এর সৌজন্যে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী পর্বে পায়রা ওড়ানো হয়।

চিফ হুইপ বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য খেলাধুলার সুযোগ বাড়ানো প্রয়োজন। স্থানীয় পর্যায়ে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট তরুণদের খেলাধুলায় আগ্রহী করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে। ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

ফাইনাল খেলাকে ঘিরে বামনা ও আশপাশের এলাকায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়। ফাইনালে মুখোমুখি হয় পিরোজপুরের নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব ও ডৌয়াতলা সদর একাডেমি। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ডৌয়াতলা সদর একাডেমিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পিরোজপুরের নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব। রানার্সআপ হয় ডৌয়াতলা সদর একাডেমি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইক্রোটেক্স ডিজাইনের চেয়ারম্যান, বামনা উপজেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো. রুহুল আমিন শরীফ।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে চিফ হুইপকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম ও উপাধ্যক্ষ মিলন কৃষ্ণ হালদার তাঁকে ফুল দিয়ে বরণ করেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরা, বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান, বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ুন হাসান শাহীন, বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার, জাতীয় সংসদের চিফ হুইপের একান্ত সচিব মো. তৌহিদুল ইসলাম তৌহিদ, বামনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল কুরাইশী বাবু, ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান মামুন, বামনা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মল্লিক, প্যানেল চেয়ারম্যান আবু সালেহ, উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার ও সাধারণ সম্পাদক সজীব হোসেন মুন্না।

এ ছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে অনুষ্ঠানের সভাপতি আলহাজ মো. রুহুল আমিন শরীফসহ অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে এ ধরনের ফুটবল প্রতিযোগিতা তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। একই সঙ্গে ক্রীড়াচর্চার প্রসার এবং তরুণদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেও এ আয়োজন ভূমিকা রাখবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত