চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটির নেতৃবৃন্দ। এ সময় সংস্থার অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গতকাল বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে এ সম্মাননা তুলে দেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটির নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কে এম রুবেল, সাধারণ সম্পাদক ফোরকান সিকদার, সীতাকুণ্ড উপজেলা কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আর কে হেলাল, অর্থ সম্পাদক হাসান তারেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
সাক্ষাৎকালে পুলিশ সুপার মো. মাসুদ আলম বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়া সব সদস্যকে শুভেচ্ছা জানান।
এ সময় তিনি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মান বজায় রাখার আহ্বানও জানান তিনি।
জ/উ