কলকাতার টালিউডে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি নতুন সিনেমা। অ্যাকশন, রোমান্স, গোয়েন্দা কাহিনি ও সাহিত্যনির্ভর নানা ঘরানার ছবির মধ্যে এবার বিশেষ আকর্ষণ দেবের ‘দেশু ৭’। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার পরিচালকের ভূমিকায় বড়পর্দায় আসছেন জনপ্রিয় এই অভিনেতা। একই সঙ্গে এটি তাঁর অভিনীত ৫০তম সিনেমা।
আগামী ১৬ অক্টোবর, পূজার মহাষষ্ঠীতে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি দেবের ক্যারিয়ারে বিশেষ গুরুত্ব বহন করছে। অভিনেতা ও প্রযোজকের পাশাপাশি এবার পরিচালকের দায়িত্বও সামলেছেন তিনি। ফলে একই সিনেমায় তিনটি ভূমিকায় দেখা যাবে এই তারকাকে।
‘দেশু ৭’ ঘিরে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ দেব ও শুভশ্রীর জনপ্রিয় জুটি। গত বছরের আগস্টে তাঁদের অভিনীত ‘ধূমকেতু’ মুক্তির পর আবারও এই জুটিকে বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। গত ৮ অক্টোবর প্রকাশ করা হয়েছে ছবিটির ট্রেলার।
দেব ও শুভশ্রীর সঙ্গে সিনেমাটিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্য। ছবিটির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন দেব।
সিনেমার নাম ‘দেশু ৭’ রাখার পেছনেও রয়েছে বিশেষ কারণ। দেব ও শুভশ্রীর অন-স্ক্রিন জুটির এটি সপ্তম সিনেমা। গত এপ্রিল মাসে দেব নিজেই ছবিটির চিত্রনাট্য লেখা ও পরিচালনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে শক্তিমান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের যুক্ত হওয়ার খবরও সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়িয়ে দেয়।
এবারের দুর্গাপূজায় ‘দেশু ৭’-এর পাশাপাশি টালিউডে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’, ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ এবং ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার। ফলে উৎসবের মৌসুমে বক্স অফিসে জমজমাট প্রতিযোগিতার আভাস পাওয়া যাচ্ছে।
এখন দেখার বিষয়, পরিচালকের আসনে দেবের প্রথম সিনেমা দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে এবং টালিউডের বাণিজ্যিক চলচ্চিত্রের প্রচলিত ধারায় নতুন কোনো মাত্রা যোগ করতে পারে কি না।
জ/উ