‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যে গোপালগঞ্জে পালিত হয়েছে ৫৭তম বিশ্ব মান দিবস-২০২৬। আজ বুধবার (১৪ অক্টোবর) দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ বিএসটিআইয়ের উপপরিচালক ও অফিসপ্রধান প্রকৌশলী খালিদ রেজা চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম তারেক সুলতান।
বিএসটিআইয়ের পরিদর্শক তাসনিম দোহার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গোপালগঞ্জ বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ, গোপালগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আবু রায়হান, শরীয়তপুরের এমকে ইন্টারম্যাশনালের প্রতিনিধি আলী আহমেদ খান, মাদারীপুরের একটি কসমেটিকস কোম্পানির প্রতিনিধি মুস্তাফিজুর রহমান ফিরোজ, শরীয়তপুর বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হাওলাদার এবং মাদারীপুরের পেট্রোল পাম্প মালিক মিজানুর রহমান পিন্টু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ‘আমি আশা করি, আজ যে আঙ্গিকে আমরা মান দিবস পালন করছি, আগামীতে তা আর লাগবে না। বিশ্ব এগিয়ে যাচ্ছে। এগিয়ে যেতে হবে আমাদেরও।’ আলোচনা সভায় বক্তারা পণ্যের সার্বিক গুণগত মান বজায় রাখা এবং সততার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।