কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. ইকরামুল হক (৩৭) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। গতকাল রোববার (১১ অক্টোবর) রাত আড়াইটার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার যুক্তিখোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইকরামুল হক সদর দক্ষিণ উপজেলার লালবাগ উত্তরপাড়ার বাসিন্দা। আজ সোমবার (১২ অক্টোবর) এশিয়া পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এসআরবি-১১-এর সিপিসি-২, কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত ১০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই নারীকে ধর্ষণের অভিযোগের বিষয়ে ইকরামুলকে নিজের দোষ স্বীকার করতে দেখা যায়। ভিডিওটি নজরে আসার পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং ভুক্তভোগী নারীকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১১।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদের তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি কলাবাগানে ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে ইকরামুলের বিরুদ্ধে।
প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, ওই স্থান থেকে বের হওয়ার সময় রাসেল নামের আরেক অটোরিকশাচালক তাঁকে দেখতে পান এবং ঘটনার একটি ভিডিও ধারণ করেন। ওই ভিডিওতে ইকরামুলকে নিজের দোষ স্বীকার করতে দেখা যায় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত আত্মগোপনে চলে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-১১।
সংস্থাটির সিপিসি-২, কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান এশিয়া পোস্টকে জানান, গ্রেপ্তার ইকরামুলকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জ/উ