জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে ফেনীতে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে জেলা পুলিশ। এ ঘটনায় অপহরণচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অপহরণের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) ফেনী জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অপহরণের শিকার মো. বেলাল (৩৪) খাগড়াছড়ির দীঘিনালা এলাকার বাসিন্দা। গত ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অপহরণকারীরা তাঁকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে তাঁকে আটকে রেখে স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করা হয়।
বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর স্বজনেরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের সার্বিক সহযোগিতায় পুলিশ পরিদর্শক (তদন্ত) ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানের একপর্যায়ে ফেনী পৌর এলাকার একটি স্থান থেকে অপহৃত বেলালকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল (৩২), ফিরোজ (৪২), আলাউদ্দিন (৩০) ও মো. রনি (২৮)। অভিযানে অপহরণের কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।
ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানান, অপহরণকারীরা ভুক্তভোগীকে আটকে রেখে তাঁর স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করেছিল। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ দ্রুত যোগাযোগ এবং পুলিশের তাৎক্ষণিক অভিযানের মাধ্যমে অপহৃত যুবককে উদ্ধার করা সম্ভব হয়েছে।
জ/উ