মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ-এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) বিকেলে পাঁচবিবি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে হিজবুল্লাহ মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। আসন্ন পৌরসভা নির্বাচনে ওয়ার্ডটির জামায়াত-সমর্থিত কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণার লক্ষ্যে ‘নির্বাচনী সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়।
৩ নম্বর ওয়ার্ড জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মো. রাব্বু জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু সুফিয়ান মুক্তার, উপজেলা জামায়াতের নায়েবে আমির আজিজুল হক ঠান্ডা, পৌর জামায়াতের আমির ও আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল বাশার এবং পৌর জামায়াতের সহ-সেক্রেটারি মো. মোশারফ হোসেন প্রমুখ।
সমাবেশের শেষপর্যায়ে প্রধান অতিথি পাঁচবিবি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে জামায়াত-সমর্থিত কাউন্সিলর প্রার্থী হিসেবে ওয়ার্ড জামায়াতের সহসভাপতি মো. আবু বক্কর সিদ্দিকের নাম ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে বিপুল ভোটে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান গোলাম কিবরিয়া মণ্ডল। সমাবেশে জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জ/উ