বরগুনার বামনায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ নিকহাত আরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রায়হান নাজির ধলু, উপজেলা শিক্ষা কর্মকর্তা বদরুদ্দীন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, মতিন আকনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, কন্যাশিশুর জন্য বৈষম্যহীন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি কন্যাশিশুর শিক্ষা ও অধিকার নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার সুরক্ষা, তাদের প্রতি বৈষম্য দূর করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়। বামনা উপজেলা প্রশাসন ও বরগুনা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
জ/উ