দীর্ঘ বিরতির পর নতুন ভাবে ফিরলেন কুসুম শিকদার

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-10-12T11:45:31+06:00
2026-10-12T11:45:31+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
বিনোদন
দীর্ঘ বিরতির পর নতুন ভাবে ফিরলেন কুসুম শিকদার
বিনোদন ডেস্ক
⏲ ১১:৪৫ এএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
কুসুম শিকদার
অভিনয় থেকে সংগীত-দুই অঙ্গনেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার। নাটক থেকে বড়পর্দায় নিয়মিত কাজ করে একসময় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন তিনি। তবে অভিনয়ে দীর্ঘ বিরতির পাশাপাশি সংগীতেও বেশ কিছুদিন অনিয়মিত ছিলেন এই তারকা। এবার দীর্ঘ নয় বছর পর নতুন মৌলিক গান নিয়ে ফিরেছেন তিনি। গানের শিরোনাম ‘প্রবল ঘোর’।

২০১৭ সালে কুসুম শিকদারের লেখা ও গাওয়া ‘নেশা’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছিল। গানটির ভিডিও সে সময় বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ভিডিওতে কুসুমের খোলামেলা ও সাহসী উপস্থিতি নিয়ে শুরু হয় বিতর্ক। সংস্কৃতির সঙ্গে অসংগতিপূর্ণ এবং অশ্লীলতা ছড়ানোর অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের এক আইনজীবী আইনি নোটিশ পাঠান। পরবর্তী সময়ে গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়।

সে সময় কুসুম শিকদার জানিয়েছিলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে রোমান্টিক ধাঁচে গানটি নির্মাণ করা হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, এতে অনৈতিক কিছু ছিল না। তবে গানটি ঘিরে বিতর্ক তাঁর অভিনয় ও সংগীতজীবনে আলোচনার পাশাপাশি নেতিবাচক প্রভাবও ফেলেছিল।

পুরোনো সেই বিতর্কের স্মৃতি পেছনে ফেলে এবার নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন কুসুম। ‘প্রবল ঘোর’ গানটির কথা লিখেছেন তিনি নিজেই। এর সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানি। সানির ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির ভিডিওতে কুসুমের সঙ্গে মডেল হিসেবে রয়েছেন শাহ রাসেল।

‘নেশা’ গানের সময়কার আলোচিত উপস্থিতি থেকে সরে এসে নতুন ভিডিওতে তুলনামূলক পরিণত ও মার্জিত রূপে দেখা গেছে কুসুমকে। নতুন এই কাজের মধ্য দিয়ে সংগীতাঙ্গনে নিজেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছেন তিনি।

শুধু গান নয়, অভিনয় ও পরিচালনায়ও ফিরেছেন কুসুম শিকদার। ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমার মাধ্যমে পরিচালনার পাশাপাশি অভিনয়েও প্রত্যাবর্তন করেন তিনি। তবে বড়পর্দায় ফেরার পর দর্শকদের প্রত্যাশিত সাড়া কতটা পেয়েছেন, তা নিয়ে আলোচনা রয়েছে।

দীর্ঘ বিরতির পর ‘প্রবল ঘোর’ দিয়ে সংগীতে কুসুম শিকদারের এই প্রত্যাবর্তন কতটা সফল হয়, সেটিই এখন দেখার বিষয়। নতুন গানটি দিয়ে তিনি শ্রোতাদের মন জয় করতে পারেন কি না, তার উত্তর মিলবে সময়ের সঙ্গে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত