জয়পুরহাটে ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ প্রতিপাদ্যে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ দুপুরে শহরের আল হেরা নূরানী হাফেজিয়া এতিমখানা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এতিমখানায় গিয়ে শেষ হয়। পরে মাদ্রাসার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং জাকস ফাউন্ডেশনের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। এগ্রো মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিটের প্রাণিসম্পদ খাতের আওতায় দিবসটি উদ্যাপন করা হয়।
মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাসুদুল কবির সুহাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সরকারি কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক আঃ হাকিম, জাকস ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আবুল বাশার, পরিচালক রফিকুল ইসলাম বাদশা, প্রকল্প ব্যবস্থাপক ডা. জহুর আলী এবং প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবিরসহ পিকেএসএফের অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা ডিমের পুষ্টিগুণ, স্বাস্থ্য সুরক্ষায় ডিমের ভূমিকা এবং নিয়মিত ডিম খাওয়ার উপকারিতা তুলে ধরেন।
জ/উ