ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চূড়ান্ত তারিখ আগামী সোমবার (১২ অক্টোবর) নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সোমবার নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করে ঘোষণা করা হবে। পাশাপাশি কোন নির্বাচন কতটি ধাপে এবং কবে অনুষ্ঠিত হবে, তা-ও জানানো হবে।
তিনি বলেন, ইউপি নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে না। মাঠপর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। কমিশন শুধু নির্বাচনের ধাপগুলোর সময়সূচি নির্ধারণ করে দেবে। শুরুতে যে সময়সীমার কথা বলা হয়েছিল, তার মধ্যেই সব ধাপের নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের ধারাবাহিক কার্যক্রম চলতে থাকবে। সোমবার কমিশনের সভা থাকায় সেখানে এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে।
এদিকে ইউরোপীয় পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে কিছু পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি। সানাউল্লাহ বলেন, প্রতিনিধিরা কমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং নির্বাচনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নির্বাচন কমিশন তাদের স্বাগত জানিয়েছে।
জ/শা