মাদারীপুরের কালকিনিতে শিশু কানন কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু কানন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো. মিরাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এবং কালকিনি ও ডাসার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইকরাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কিশোর কুমার দাস অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের শুধু ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তাদের পড়াশোনা, আচার-আচরণ, চলাফেরা ও মানসিক বিকাশের প্রতিও নিয়মিত নজর রাখতে হবে। সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং পড়াশোনায় কতটা মনোযোগী-এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে গত বছর কালকিনি ও ডাসার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় শিশু কানন কিন্ডারগার্টেন থেকে বৃত্তিপ্রাপ্ত এবং প্রতিটি শ্রেণির মেধাতালিকায় শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিরাজ হোসেন জানান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জ/দি