আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০১ ডলার ছাড়িয়ে গেছে।
বুধবার (৭ অক্টোবর) ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৯৩ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১.৫১ ডলারে পৌঁছেছে।
একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৮২ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়েছে। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই ৯০.২৫ ডলারে বেচাকেনা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের তেল উৎপাদনকারী অঞ্চলগুলোর দিকে একটি শক্তিশালী ঝড় ধেয়ে আসায় উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি সৌদি আরবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার ঘটনাও সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এসব কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে।
এদিকে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে অতিরিক্ত তেল সরবরাহের চেষ্টা চলছে। তবে বাজারে এর প্রভাব এখনো তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। সূত্র: আল জাজিরা
জ/শা