বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৭ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে জানানো হয়, ‘ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বর্বর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী দেশপ্রেমিক শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাৎ বার্ষিকী’ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভার বিষয় নির্ধারণ করা হয়েছে—‘বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি: আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য; এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা সুরক্ষার অঙ্গীকার’।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনের নিচতলায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর গভীর রাতে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে শেরেবাংলা হলের একটি কক্ষে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনার পর বুয়েটের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আন্দোলন শুরু হয়। আন্দোলনের একপর্যায়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।
জ/শা