সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে সোমবার (৫ অক্টোবর) আবারও হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।
গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদি আগ্রাসনের জবাব হিসেবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এ হামলা চালিয়েছে বলে হুথিদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন।
হুথি সামরিক মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ‘সুনির্দিষ্ট’ হামলা চালানো হয়েছে। এতে বিমানবন্দরটির বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে বলে দাবি করা হয়।
এর আগে একই দিন সৌদি আকাশসীমা ব্যবহারের বিষয়ে কঠোর সতর্কবার্তা দেয় হুথিরা। সতর্কবার্তায় তারা জানায়, ‘মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা ছাড়া সমগ্র সৌদি আকাশসীমা আমাদের হামলার জন্য উন্মুক্ত থাকবে।’
হুথিদের পক্ষ থেকে আরও বলা হয়, এই সতর্কবার্তা উপেক্ষা করে সৌদি আকাশসীমা ব্যবহার অব্যাহত রাখা হলে এর ফলে সৃষ্ট যেকোনো পরিস্থিতির দায় তারা নেবে না। সূত্র: মিডল ইস্ট আই
জ/উ