কক্সবাজারের টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) ভোররাতে টেকনাফের নাফ নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল রোববার (৪ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে ২ বিজিবি ও এসআরবির যৌথ পরিকল্পনায় বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী, গতকাল রোববার রাত ৮টার দিকে বিজিবি ও এসআরবির যৌথ আভিযানিক দল নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণে জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে খালসংলগ্ন নাফ নদী এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
এরপর ৫ অক্টোবর মধ্যরাতে টেকনাফ বিওপির বিশেষ টহলদল থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করে। পরে যৌথ আভিযানিক দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে।
বিজিবি জানায়, রাত আড়াইটার দিকে সন্দেহভাজন ব্যক্তিদের বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। অভিযানের উপস্থিতি টের পেয়ে তারা রাতের অন্ধকারে পাশের কেওড়াবাগানের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় যৌথ আভিযানিক দল তিনটি বড় প্যাকেটসহ একজনকে আটক করে। পরে প্যাকেটগুলো তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্যের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জ/উ